প্রিন্ট এর তারিখঃ জুন ১৫, ২০২৬, ১:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৩, ২০২৬, ১১:৫৮ এ.এম
কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিডি ওয়াল্ড অনলাইন ডেস্ক :
একদিনের সরকারি সফরে কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও তার স্ত্রী হাসিনা আহমদ।
শনিবার সকাল ৯টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে তিনি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। সফরের শুরুতেই প্রবল বৃষ্টির মধ্যেও প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন সরকারের কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। এসময় বেসরকারি বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি প্রতিমন্ত্রী মীর মো. হেলাল উদ্দিন এবং পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম উপস্থিত ছিলেন।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী সড়কপথে চকরিয়ার পিএমখালী ইউনিয়নে যান। সেখানে পাতিলী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন এবং স্থানীয় সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। সফরের গুরুত্বপূর্ণ কর্মসূচির মধ্যে রয়েছে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন, মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং পেকুয়ায় জুলাই শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত। এছাড়া শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী।
দিনের দ্বিতীয় ভাগে নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সরকারপ্রধান। পরে বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনাল এলাকায় জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তিনি। সন্ধ্যায় প্রধানমন্ত্রী মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্রসৈকত পরিদর্শনের পর লং বিচ হোটেলে আয়োজিত সুধী সমাবেশে যোগ দেবেন। দিনের কর্মসূচি শেষে রাতেই আকাশপথে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।
উল্লেখ্য, গত বছরের ২৫ ডিসেম্বর দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় লন্ডনে অবস্থানের পর দেশে ফেরেন তারেক রহমান। চলতি বছরের ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম কক্সবাজার সফর।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে কক্সবাজার জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
Email : bdworld24net@gmail.com