বিডি প্রতিবেদক :
শহরের বর্জ্যকে বোঝা না ভেবে সম্পদ হিসেবে কাজে লাগাতে নতুন উদ্যোগ নিয়েছে মুক্তি কক্সবাজার। ইউএনডিপির জিইএফ স্মল গ্র্যান্টস প্রোগ্রামের (এসজিপি) সহায়তায় "কক্সবাজারের স্থানীয় কমিউনিটির-নেতৃত্বে ওয়েস্ট বাংলাদেশের কারিগরি সহযোগিতায় বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে সার্কুলার ইকোনমি ও টেকসই ব্যবহারের প্রসার" প্রকল্পের অবহিতকরণ কর্মশালা গত ১৭ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছে।
কক্সবাজার পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (পরিকল্পনা অনুবিভাগ) লুবনা ইয়াসমিন। সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব ও কক্সবাজার পৌরসভার প্রশাসক মো. শামীম আল ইমরান।
স্বাগত বক্তব্যে মুক্তি কক্সবাজারের প্রধান নির্বাহী বিমল চন্দ্র দে সরকার বলেন, "কক্সবাজারের ভবিষ্যৎ নির্ভর করছে আমরা আজ কতটা দায়িত্বশীলভাবে বর্জ্য ব্যবস্থাপনা করছি, তার ওপর। পরিবেশ রক্ষা, সমুদ্র উপকূল সংরক্ষণ ও জনস্বাস্থ্য সুরক্ষা আমাদের সবার সম্মিলিত অঙ্গীকার হতে হবে।" তিনি বলেন, সার্কুলার অর্থনীতির প্রতি তাদের প্রাতিষ্ঠানিক অঙ্গীকার থেকেই এই উদ্যোগ। প্রকল্পের আওতায় পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকসহ অন্যান্য উপকরণ নালা-নর্দমা, সৈকত ও সাগরে না ফেলে আবার ব্যবহারের চক্রে ফিরিয়ে আনা হবে। এতে পরিবেশের ওপর চাপ কমবে এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় শহরের সক্ষমতা বাড়বে। এই ব্যবস্থায় যত্রতত্রভাবে ফেলে দেওয়া বর্জ্য যথাযথভাবে সংগ্রহ, পুনর্ব্যবহার ও পুনঃপ্রক্রিয়াকরণ করে আবার কাজে লাগানো হবে। কমিউনিটির অংশগ্রহণে গড়ে ওঠা এই মডেল টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে বাংলাদেশের প্রচেষ্টাকে আরো এগিয়ে নেবে।
প্রধান অতিথি মিসেস লুবনা ইয়াসমিন, যুগ্ম সচিব, পরিকল্পনা অনুবিভাগ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় (MoEFCC), প্রকল্পটির বাস্তবায়নের মাধ্যমে পরিমাপযোগ্য, প্রভাবশালী ও টেকসই ফলাফল অর্জিত হলে দেশের অন্যান্য পৌরসভা ও উপকূলীয় এলাকায় এটি সম্প্রসারণ ও পুনরাবৃত্তির ব্যাপক সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি দীর্ঘমেয়াদি পরিবেশগত স্থায়িত্ব, কার্যকর সম্পদ পুনরুদ্ধার এবং অর্থবহ কমিউনিটি মালিকানাকে প্রকল্প বাস্তবায়নের মূলভিত্তি হিসেবে গুরুত্বারোপ করেন, যাতে এর সুফল দীর্ঘস্থায়ী হয়।
অনুষ্ঠানের সভাপতি মোঃ শামীম আল ইমরান, উপসচিব, স্থানীয় সরকার বিভাগ এবং প্রশাসক, কক্সবাজার পৌরসভা বলেন, কার্যকর ও সফল বর্জ্য ব্যবস্থাপনার জন্য জনসচেতনতা বৃদ্ধি, আচরণগত পরিবর্তন এবং উৎসস্থলেই বর্জ্য পৃথকীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্বশর্ত। তিনি মুক্তি কক্সবাজারের এ সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করেন এবং মাঠ পর্যায়ে প্রকল্পের সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় সহায়তা ও সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।
আলোচনা পর্বে মি. খন্দকার মাহমুদ পাশা, উপপরিচালক, পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার, প্রস্তাবিত ম্যাটেরিয়াল রিকভারি ফ্যাসিলিটি (MRF) প্রতিষ্ঠা ও পরিচালনার ক্ষেত্রে প্রযোজ্য সকল পরিবেশগত আইন, নীতিমালা ও বিধিবিধান কঠোরভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি প্রয়োজনীয় পরিবেশগত ছাড়পত্র গ্রহণসহ সকল নিয়ন্ত্রক শর্ত পূরণের বিষয়টিও বিশেষভাবে উল্লেখ করেন।
ইউএনডিপির জিইএফ এসজিপির ন্যাশনাল কোঅর্ডিনেটর মোহাম্মদ মোজাম্মেল হক, পিএইচডি বলেন, এ প্রকল্প কমিউনিটির কার্যকর অংশগ্রহণ, সমন্বিত প্রচেষ্টা এবং টেকসই বাস্তবায়ন-মডেল অনুসরণ করে মানসম্পন্ন কর্মসূচি বাস্তবায়ন এবং ফলপ্রসূ, বিস্তারযোগ্য ও অনুসরণযোগ্য পরিবর্তন আনয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে । ওয়েস্ট বাংলাদেশের স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার মাহবুল ইসলাম প্রকল্পের প্রস্তাবিত কারিগরি মডেল সম্পর্কে ব্যাখ্যা প্রদান করেন, যেখানে উৎসে বর্জ্য আলাদা করা, উপকরণ উদ্ধার, পুনঃপ্রক্রিয়াকরণ এবং ম্যাটেরিয়াল রিকভারি ফ্যাসিলিটি (এমআরএফ) স্থাপন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
মোঃ নাসির উদ্দিন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, খুরুশকুল ইউনিয়ন পরিষদ; মোঃ নুরুল আলম, প্রধান শিক্ষক, দক্ষিণ খুরুশকুল আদর্শ উচ্চ বিদ্যালয়; মিসেস শামীম আক্তার, সমাজ উন্নয়ন কর্মকর্তা, কক্সবাজার পৌরসভা; এবং বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিগণ অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণ করেন এবং সম্মিলিতভাবে বর্জ্য ব্যবস্থাপনাকে কার্যকর ও টেকসই করতে জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশসম্মত অবকাঠামো পরিকল্পনা এবং নিয়মিত কমিউনিটি সম্পৃক্ততার গুরুত্বের ওপর জোর দেন। কর্মশালা সঞ্চালনা করেন মুক্তি কক্সবাজারের প্রোগ্রাম ডেভেলপমেন্ট স্পেশালিস্ট মো. রুহুল কুদ্দুস। তিনি প্রকল্পের উদ্দেশ্য, বাস্তবায়ন পদ্ধতি, প্রধান কার্যক্রম, প্রত্যাশিত ফলাফল এবং অংশীজনদের সম্পৃক্ত করার কাঠামো উপস্থাপন করেন। "কম ব্যবহার করি, যা পারি পুনরায় ব্যবহার করি, যা বাকি থাকে তা পুনঃপ্রক্রিয়াকরণ করি। আসুন, সবাই মিলে আমাদের পৃথিবী, উপকূল ও ভবিষ্যৎ রক্ষা করি।" এ অঙ্গীকারকে সামনে রেখে কর্মশালায় স্থানীয় সরকারের প্রতিনিধি এবং ব্র্যাক, সিএনআরএস, কর্ডেইড, ইপসা ও প্রত্যাশীসহ জাতীয় ও আন্তর্জাতিক মানবিক ও উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং অন্যান্য অংশীজনও উপস্থিত ছিলেন।