হাকিম লোকমান :
বিশিষ্ট রাজনীতিবিদ ও কক্সবাজার ডক্টর চেম্বারের পরিচালক, মোহাম্মদ মুহিবুল্লাহ (৬৫) মারা গেছেন।
বুধবার (২২ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকার শেরে বাংলা নগরে অবস্হিত নিউরো সায়েন্সেস হাসপাতাল ও ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তাঁর ছোট ভাই নছর উল্লাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোহাম্মদ মোহিবুল্লাহ ব্রেইন স্ট্রোক করে কক্সবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় বুধবার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেয়া হয়েছিলো। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মোহাম্মদ মোহিবুল্লাহ কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তাঁর পিতা মওদুদ আহমদ ছিলেন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন কক্সবাজার জেলায় স্বাধীনতাযুদ্ধের সর্বদলীয় কমিটির কোষাধ্যক্ষ।
ব্যক্তি জীবনে তিনি তিন সন্তানের জনক।
পারিবারিক সুত্র জানিয়েছে, বৃহস্পতিবার আছরের নামাজের পর কক্সবাজারস্থ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
আগামীকাল শুক্রবার সকাল ১০টায় বড় মহেশখালীর নতুন বাজারস্থ মাঠে দ্বিতীয় নামাজে জানাজার পর নতুন বাজার পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
মোহাম্মদ মোহিবুল্লাহ একজন প্রগতিশীল রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। ছাত্র জীবনে
তিনি জাসদ সমর্থিত বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে ওই সংগঠনের কেন্দ্রীয় নেতা নির্বাচিত হন।
ছাত্র রাজনীতির পাঠ চুকিয়ে তিনি জাতীয় নেতা আ স ম আবদুর রব এর হাত ধরে জাসদের রাজনীতিতে সম্পৃক্ত হন। পরবর্তীতে ফৌজি শাসক হুসেইন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টিতে যোগদান করেন। এ দলের কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক হন। জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ আসন থেকে প্রতিদ্ধন্ধিতাও করেন তিনি।
শিক্ষা জীবনে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৭৫ সালে এসএসসি পাশ করেন কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে। এরপর দেশের অন্যতম বিদ্যাপীঠ চট্টগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পর্যায়ের প্রাতিষ্ঠানিক শিক্ষা সম্পন্ন করেন।
তার মৃত্যুতে কক্সবাজারের, সংসদ সদস্যগণ, জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি, জেলা জাতীয় পার্টি, কক্সবাজার প্রেসক্লাব, কক্সবাজার সাংবাদিক ইউনি, চেম্বার অব কমার্স, জেনারেল হাসপাতাল, ডক্টর চেম্বার, কক্সবাজার মহেশখালী সমিতি, বিডি ওয়ার্ল্ড পরিবার সহ বিভিন্ন প্রতিষ্ঠান ব্যক্তিবর্গ শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।