মুকুল কান্তি দাশ,চকরিয়া:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় বিজিবি’র (বর্ডার গার্ড বাংলাদেশ) একটি বাসের সাথে লেগুনার মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ৮জন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বিজিবি সদস্যদের কেউ আহত হয়নি।
শনিবার (৪মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং-লোহাগাড়া সীমান্তবর্তী আজিজনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চশরিয়ার হারবাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আবুল বাশারের ছেলে মো. হামিদ (৩২), একই এলাকার দানু মিয়ার ছেলে নজু মিয়া (২৮) ও লাল মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৩০)।
প্রত্যক্ষদর্শী সোহাগ মিয়া নামের এক ব্যক্তি জানান, শনিবার সকালে আজিজনগর এলাকা থেকে যাত্রী নিয়ে একটি লেগুনা আমিরাবাদ যাচ্ছিল। এ সময় সীমান্তবর্তী এলাকা পৌঁছলে বিপরীত দিক থেকে বিজিবি সদস্যদের নিয়ে কক্সবাজারগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে মারা যায় লেগুনার তিন যাত্রী। আহত হয় আরো ৮ জন।
চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ ইমন চৌধুরী বলেন, সকালে লেগুনা ও বিজিবি’র সদস্য ভর্তি একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। বিজিবির সদস্যরা সাতকানিয়া বায়তুল ইজ্জত ক্যাম্প থেকে কক্সবাজার যাচ্ছিলেন।
দুর্ঘটনায় লেগুনার তিনযাত্রী নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে। ##