
বিডি প্রতিবেদক :
টেকনাফে ২ কেজি ১২৭ গ্রাম ক্রিস্টালমেথসহ (আইস) তিন জনকে আটক করেছে বিজিবি। এসময় মাদক চালানে ব্যবহৃত একটি সাম্পান নৌকা জব্দ করা হয়।
মঙ্গলবার (৫ মার্চ) সকাল ৯টায় উপজেলার সাবরাং মুন্ডারডেইল ঘাটে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ ব্যাটালিয়নের (২বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
আটকরা হলেন, ওই এলাকার মৃত নাগু মিয়ার ছেলে মো.সমাছুল আলম (৪০), মৃত হামিদ হোসেনের ছেলে মো. সৈয়দ আলম (২৪) ও নূর কামালের ছেলে মো. আক্তার কামাল (২০)।
লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মুন্ডারডেইল ঘাটে মিয়ানমার থেকে সাগর পথে মাদকের একটি চালান বাংলাদেশে আসতে পারে। ওই সংবাদে বিজিবির টহল জোরদার করে মঙ্গলবার সকাল ৯টায় ঘাট এলাকায় অভিযান চালানো হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় একটি সাম্পান নৌকাকে ধাওয়া করে তিন চোরাকারবারিকে আটক করা হয়। নৌকাটি তল্লাশি করে একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ২ কেজি ১২৭ গ্রাম ক্রিস্টালমেথ (আইস) উদ্ধার করা হয়। একই সঙ্গে নৌকাটিও জব্দ করা হয়।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।