সাঈদ মুহাম্মদ আনোয়ার :
কক্সবাজারের উখিয়ায় অতিবৃষ্টির কারণে মাটির দেয়াল ধসে আবদুল মালেক প্রকাশ মানিক (৪০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জামবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মালেক ওই এলাকার ছৈয়দুর রহমানের ছেলে। তার নিজ বাড়ি পার্শ্ববর্তী পশ্চিম হলদিয়া গ্রামে হলেও তিনি জামবাগান এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। দিনমজুরি করে সংসার চালাতেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় মালেক দুপুরের খাবার খেতে বসেছিলেন। এ সময় টানা বৃষ্টিতে ঘরের মাটির দেয়াল ধসে তার ওপর পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা বিকেল ৫টার দিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আর কেউ আহত হয়নি।
হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অতিবৃষ্টির কারণে ঘরের দেয়াল ধসে মালেক চাপা পড়েন। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি।
৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ শাহজাহান বলেন, নিহতের পরিবার অত্যন্ত দরিদ্র। দিনমজুরি করেই মালেক সংসার চালাতেন। পরিবারের আয়ের একমাত্র অবলম্বন ছিলেন তিনি।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নিহতের মরদেহ দেখেন এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।
জেলা প্রশাসক মো. আঃ মান্নানের নির্দেশনায় জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক নিহতের দাফন-কাফনের জন্য প্রাথমিকভাবে ২৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। ইউএনও পান্না আক্তার নিহতের স্ত্রী শাকেরা আক্তারের হাতে এ অর্থ তুলে দেন।
ইউএনও পান্না আক্তার জানান, নিহত আবদুল মালেক প্রকাশ মানিকের নামে বৈধ কাগজপত্র থাকলে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারের জন্য একটি বাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহসান উল্লাহ সিদকার এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এটিএম কাওছার উদ্দিন।
মাটির ঘরের দেয়াল ধসে দিনমজুরের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।