শিরোনাম :
পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি ও মানববন্ধন নাগরিক অধিকার,সুশাসন ও জনস্বার্থ রক্ষায় কাজ করবে কক্সবাজার সিটিজেন রাইটস ফোরাম চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ প্রসবকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফদের সক্ষমতা কাজে লাগানোর সুযোগ বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে জ্ঞান বিনিময় সভা কক্সবাজারে ভরতনাট্যম নৃত্যের প্রশিক্ষণ কার্যক্রম শুরু কক্সবাজার শহরের বৃহত্তর মল্লিক পাড়ায় সংবর্ধনা ও আলোচনা সভা জলবায়ুর প্রভাব মোকাবিলা,উপকূলকে রক্ষা জরুরী ইনানীতে গ্যাসের আগুন আর কত দিন জ্বলবে? সিনিয়র সাংবাদিক আহমদ গিয়াস আর নেই

পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি ও মানববন্ধন

নিউজ রুম / ১ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

নুরুল আলম :

নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত মর্যাদা রক্ষা, আইনি সুরক্ষা নিশ্চিত ও ন্যায্য অধিকার বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে কক্সবাজারে কর্মবিরতি, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন জেলার নিকাহ রেজিস্ট্রাররা।

সোমবার (১৬ নভেম্বর) সকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি কক্সবাজার জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে জেলার বিভিন্ন এলাকার নিকাহ রেজিস্ট্রাররা অংশ নেন।

মানববন্ধন ও অবস্থান কর্মসূচি থেকে সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন সংগঠনের কক্সবাজার জেলা শাখার সভাপতি কাজী শাহাদাতুল ইসলাম।

এ সময় বক্তারা বলেন, নিকাহ রেজিস্ট্রাররা দীর্ঘদিন ধরে বিবাহ ও তালাক নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে আসছেন। অথচ পেশাগত নিরাপত্তা, ন্যায্য পারিশ্রমিক, আইনি সুরক্ষা ও অন্যান্য সুযোগ-সুবিধার ক্ষেত্রে তাঁরা নানা বৈষম্যের শিকার হচ্ছেন। এসব সমস্যা সমাধানে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি।

বক্তারা অভিযোগ করেন, ২০১৩ সালে ভুয়া নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স প্রদানের সঙ্গে জড়িত একটি জালিয়াত চক্র বর্তমানে আবারও সক্রিয় হয়ে উঠেছে। এ ধরনের অনিয়ম বন্ধে মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯ যথাযথভাবে অনুসরণ করে উপদেষ্টা কমিটির মাধ্যমে প্যানেল প্রস্তুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স প্রদানের দাবি জানান তাঁরা।

কর্মসূচিতে উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে—নিকাহ রেজিস্ট্রারদের অবসরের বয়স ৬৭ থেকে বাড়িয়ে ৭৫ বছর নির্ধারণ, অবসরপ্রাপ্ত বা প্রয়াত নিকাহ রেজিস্ট্রারের স্থলে যোগ্য পুত্রকে প্যানেল ছাড়া সরাসরি নিয়োগের বিধান চালু এবং পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে আইনি সুরক্ষা নিশ্চিত করা।

এ ছাড়া নিকাহ রেজিস্ট্রারদের মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি প্রদানের পরিবর্তে ফৌজদারি অপরাধের ক্ষেত্রে নিয়মিত আইনি প্রক্রিয়া অনুসরণ, ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশন এলাকায় বিধি অনুযায়ী নির্ধারিত কর্ম-অধিক্ষেত্র অক্ষুণ্ণ রাখা এবং বাল্যবিবাহ প্রতিরোধে বিবাহ ও তালাকসংক্রান্ত হলফনামার বিধান বাতিলের দাবি জানানো হয়।

নিকাহ রেজিস্ট্রাররা বিবাহ ও তালাক নিবন্ধন ফি পুনর্নির্ধারণেরও দাবি জানান। তাঁদের প্রস্তাব অনুযায়ী, ১০ লাখ টাকা পর্যন্ত দেনমোহরের ক্ষেত্রে প্রতি হাজারে নিবন্ধন ফি ১৪ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা, পরবর্তী প্রতি লাখে ৩০০ টাকা, তালাক নিবন্ধন ফি এক হাজার থেকে তিন হাজার টাকা এবং বিবাহের সত্যায়িত প্রতিলিপির ফি ৫০০ টাকা নির্ধারণ করতে হবে।

পাশাপাশি বর-কনের বিবাহের বয়স পুনর্নির্ধারণের বিষয়টিও দাবির অন্তর্ভুক্ত করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন কাজী শাহাদাতুল ইসলাম, কাজী এরশাদ উল্লাহ, কাজী মুজিবুর রহমান বেলাল, সংগঠনের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন মোহাম্মদ তারেক, কাজী এনামুল হক, কাজী আব্দুল মাজেদ ও কাজী আব্দুল্লাহ আল মামুনসহ অন্য নেতারা।

বক্তারা বলেন, নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত মর্যাদা ও অধিকার নিশ্চিত করা হলে বিবাহ ও তালাক নিবন্ধন কার্যক্রম আরও সুশৃঙ্খল ও কার্যকর হবে। একই সঙ্গে এ খাতে অনিয়ম ও জালিয়াতি প্রতিরোধ করাও সহজ হবে।

তাঁরা দ্রুত সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এদিকে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শেষে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির কক্সবাজার জেলা কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের দাবি আদায়ে পরবর্তী করণীয় এবং সাংগঠনিক কার্যক্রম জোরদারের বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সংগঠনের নেতারা জানান, নিকাহ রেজিস্ট্রারদের ন্যায্য অধিকার ও পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় তাঁরা ঐক্যবদ্ধ রয়েছেন। দাবি বাস্তবায়নে সরকারের ইতিবাচক পদক্ষেপ প্রত্যাশা করেন তাঁরা।


আরো বিভিন্ন বিভাগের খবর