বিডি প্রতিবেদক :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে জ্ঞান বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে শিশুদের মূল্যবোধ, পছন্দ, আকাঙ্ক্ষা ও ভবিষ্যৎ পরিকল্পনাকে গুরুত্ব দিয়ে পরিচালিত একটি প্রকল্পের সমাপনী মূল্যায়নের ফলাফল তুলে ধরা হয়।

বুধবার (১১ নভেম্বর) কক্সবাজার শহরের হোটেল বিচ ওয়ে-তে এ সভার আয়োজন করা হয়। এতে বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক ও গণমাধ্যমকর্মীসহ অর্ধশতাধিক প্রতিনিধি অংশ নেন।
সভায় প্রকল্পের সমাপনী মূল্যায়নের ফলাফল উপস্থাপনের পাশাপাশি বিদ্যালয়ে জেন্ডার সমতা প্রতিষ্ঠা এবং সামাজিক অন্তর্ভুক্তি জোরদারে অর্জিত অভিজ্ঞতা ও সাফল্য তুলে ধরা হয়। এসব অভিজ্ঞতা সংশ্লিষ্ট উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে ছড়িয়ে দেওয়া এবং ভবিষ্যতে শিক্ষা কার্যক্রমে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার, এবং কক্সবাজার সিটি কলেজের সরকারি বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শারমিন সিদ্দিকা লিমা।
শুরুতে আরডিআরএস বাংলাদেশের পরিচিতি ও কার্যক্রম তুলে ধরে স্বাগত বক্তব্য দেন সংস্থাটির টিম লিডার ফ্রান্সিস নাথ। পরে প্রকল্পের বিভিন্ন দিক, কার্যক্রম ও অর্জন তুলে ধরে বক্তব্য দেন প্রকল্প পরিচালক সৈয়দা নূরে নাবিলা তাবাসসুম।
অনুষ্ঠানে আরডিআরএস বাংলাদেশের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ ও প্রশাসন কর্মকর্তা মোহাম্মদ আজিজ, শিক্ষা কার্যক্রম সমন্বয়কারী নুরুল আবছার, গবেষণা সহযোগী জহুরুল ইসলাম, টিম লিডার ফ্রান্সিস নাথ এবং প্রকল্প ব্যবস্থাপক শাহরিয়ার সাকিব।
আয়োজকেরা জানান, শিশুদের নিজস্ব মূল্যবোধ, পছন্দ, আকাঙ্ক্ষা এবং ভবিষ্যতে তারা কী করতে ও হতে চায়, সেসব বিষয়কে গুরুত্ব দিয়ে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তির পরিবেশ তৈরিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তোলার পাশাপাশি শিশুদের সমান সুযোগ ও অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে।
‘জ্ঞান বিনিময় সভা’ শীর্ষক এ আয়োজনে আরডিআরএস বাংলাদেশ, কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের স্কুল অব আর্টস, লার্নিং, ইনোভেশন অ্যান্ড নলেজ এক্সচেঞ্জ, জিপিই কেআইএক্স এবং কানাডার আন্তর্জাতিক উন্নয়ন গবেষণা কেন্দ্র যুক্ত রয়েছে।
সভায় প্রকল্পের মূল্যায়ন থেকে পাওয়া শিক্ষা ও অভিজ্ঞতা বিভিন্ন উন্নয়ন সংস্থার কার্যক্রমে প্রয়োগ এবং বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।