বিডি প্রতিবেদক :
কক্সবাজারে অভিযান চালিয়ে মোবাইল চোর সিন্ডিকেটের ৩ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিভিন্ন ব্রান্ডের ১৯১টি এন্ড্রয়েড মোবাইল ফোন।
আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন সহকারি পুলিশ সুপার (এএসপি) অলক বিশ্বাস।
বুধবার রাতে চকরিয়ার একটি শপিং কমপ্লেক্সের তিনটি দোকানে অভিযান চালিয়ে এসব চোরাই মোবাইল উদ্ধার করা হয় বলে জানান তিনি।
এএসপি অলক বলেন, বুধবার রাতে চকরিয়ার একটি শপিং কমপ্লেক্স কেন্দ্রিক সংঘবদ্ধ মোবাইল চোর সিন্ডিকেটের কতিপয় সদস্যরা অবস্থান করছে খবরে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক ৫/৬ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে ৩ জনকে আটক করতে সক্ষম হয়।
” এসময় শপিং কমপ্লেক্সে আটকদের পরিচালনাধীন ৩ টি দোকান থেকে ১৯১ টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়। ”
এএসপি বলেন, ” আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, দেশের বিভিন্ন স্থান হতে চোরাই মোবাইল কারবারিদের সাথে তাদের (আটকরা) যোগসাজশ রয়েছে। তারা দীর্ঘদিন ধরে চোরাই মোবাইল এনে বিক্রয় করে আসছিল। ”
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে চকরিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান অলক বিশ্বাস।