
রুমি শংকর :
কক্সবাজারের মহেশখালীতে যৌথ অভিযানে অস্ত্র, গুলি ও ধারালো দা সহ এক দূর্বৃত্তকে আটক করেছে কোস্টগার্ড ও পুলিশ।
বৃহস্পতিবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, কোস্টগার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।
আটক আবু বক্কর সিদ্দিক (৩৭) মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মিয়াজী পাড়ার বাসিন্দা।
লে. কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, বৃহস্পতিবার ভোর রাতে মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের মিয়াজী পাড়ায় জনৈক ব্যক্তির বসত ঘরে অপরাধ সংঘটনের উদ্দেশ্যে কতিপয় লোকজন সশস্ত্র অবস্থায় অবস্থান করার খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সন্দেহজনক বসত ঘরটি ঘিরে ফেলে। এতে পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে ২/৩ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে ১ জনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়।
“ পরে আটক ব্যক্তির বসত ঘরটি তল্লাশী করে পাওয়া যায় দেশিয় তৈরী ৩ টি বন্দুক, ৭ টি গুলি, ১ টি চাইনিজ কুড়াল, ৪ টি রামদা ও ১ টি ব্রাস নাকল। “
কোস্টগার্ডের গণমাধ্যম কর্মকর্তা বলেন, “ আটক ব্যক্তি একজন চিহ্নিত দূর্বত্ত। অস্ত্র ও ডাকাতিসহ নানা অভিযোগে তার বিরুদ্ধে মহেশখালী থানায় একাধিক মামলা রয়েছে। “
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মহেশখালী থানায় মামলা করা হয়েছে বলে জানান লে. কমান্ডার হারুন-অর-রশীদ।