শিরোনাম :
চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর এর স্থায়ী শেল্টার নির্মাণ জনমতের বিরুদ্ধে ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক হামের তীব্র ঝুঁকিতে রোহিঙ্গা ক্যাম্প ও স্থানীয় জনগোষ্ঠী; মাঠে এমএসএফ ডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ :সভাপতি আলমগীর : সম্পাদক মাসুম আজ সে ভয়াল ২৯ এপ্রিল :উপকূলবাসীর স্বজন হারানোর দিন কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজারে ‘ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৫

নিউজ রুম / ৭৪ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

রহমান তারেক :

স্থানীয় সমস্যা সমাধানে তরুণদের সৃজনশীল প্রকল্প তুলে ধরতে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে ‘ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৫’। সোমবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় একটি হোটেলে ‘আমার কক্সবাজার, আমার উদ্যোগ’ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার নানা সমস্যা মোকাবিলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত সমাধান উপস্থাপন করেন তরুণ উদ্যোক্তারা।

আয়োজনে জমা পড়া প্রায় ৫০০টি প্রস্তাবিত প্রকল্পের মধ্য থেকে চূড়ান্ত পর্বে নির্বাচিত হয় পাঁচটি। এর মধ্যে শুঁটকির আচার তৈরির মাধ্যমে প্রান্তিক জেলেদের আয়ের সীমাবদ্ধতা ও মৌসুমি বেকারত্ব দূরীকরণে সমাধান উপস্থাপন করে প্রথম স্থান অর্জন করে ‘স্বপ্নছোঁয়া ডিলাইটস’। দ্বিতীয় হয়েছে ইসলামপুরের লবণচাষিদের মৌসুমি বেকারত্ব ও নারীদের আর্থিক অসচ্ছলতা দূর করার প্রকল্প ‘সমুদ্র অগ্রযাত্রী’। জেলে সম্প্রদায়ের আর্থিক সংকট ও সিন্ডিকেটের প্রভাব ভাঙার সমাধান প্রস্তাব করে তৃতীয় হয়েছে ‘দরিয়া’। এছাড়া চূড়ান্ত পর্বে ছিল ‘লিভেটিং কক্সবাজার’ ও ‘সহযাত্রা’।

অনুষ্ঠানে ব্র্যাকের ঊর্ধ্বতন পরিচালক কে এ এম মোরশেদ বলেন, “মেধা সবারই আছে। তবে সুযোগের অভাবে অনেক তরুণ পিছিয়ে যায়। এই আয়োজন তাদের জন্য বড় সুযোগ হয়ে উঠবে।”

ব্র্যাকের পরিচালক সাফি রহমান খান বলেন, “তরুণদের উদ্যোক্তা হয়ে ওঠার স্বপ্ন থাকলেও আর্থিক সামর্থ্য ও মেন্টরশিপের ঘাটতিতে তারা প্রতিবন্ধকতায় পড়ে। এসব বাধা দূরীকরণে সবাইকে এগিয়ে আসতে হবে।”

সমাপনী বক্তব্যে ব্র্যাকের পরিচালক হোসেন ইশরাত আদিব ভবিষ্যতে তরুণ উদ্যোক্তাদের আর্থিক ও প্রযুক্তিগত সহায়তায় পাশে থাকার আহ্বান জানান।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আন্তর্জাতিক প্রকল্প ব্যবস্থাপক মাহা আবু আমির বলেন, “স্থানীয় জনগোষ্ঠীর উদ্ভাবিত সমাধানই তাদের এলাকার সমস্যার সর্বোত্তম সমাধান। এজন্য সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।”

কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মুরশেদ চৌধুরী জানান, কক্সবাজারের তরুণদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করা এবং উদ্যোক্তাদের বাজারের সঙ্গে সংযোগ সৃষ্টি করতে চেম্বার কাজ করে যাবে।

এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কক্সবাজার প্রকল্প কার্যালয়ের প্রধান রুচিকা বেহেল, ব্র্যাকের মানবিক সংকট ব্যবস্থাপনা কর্মসূচির (এইচসিএমপি) সহযোগী পরিচালক রেজাউল করিম, আইজেক প্রকল্পের লিড খন্দকার ফখরুল আলম প্রমুখ।

অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নিক্সন চন্দ্র পাল, ইউএনডিপির ডেপুটি হেড অব ফিল্ড অফিস মুহাম্মদ সালাহউদ্দিন খান, জাগো নারী লিমিটেডের চেয়ারম্যান শিউলি শর্মা, আবু মুরশেদ চৌধুরী এবং ব্র্যাকের ব্র্যান্ড অ্যান্ড প্রোগ্রাম কমিউনিকেশন প্রধান সারা আফরিন।

উল্লেখ্য, যুব উন্নয়ন অধিদপ্তর, ব্র্যাক, আইএলও ও ইউএনডিপি’র যৌথ উদ্যোগে এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার সহায়তায় পরিচালিত আইজেক প্রকল্পের আওতায় এই আয়োজন করা হয়। প্রকল্পটি কিশোর-কিশোরী, তরুণ-তরুণী, নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের বাজার উপযোগী দক্ষতা ও উদ্যোক্তা প্রশিক্ষণের মাধ্যমে জীবিকা উন্নয়ন ও টেকসই অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করে যাচ্ছে।


আরো বিভিন্ন বিভাগের খবর