বিডি প্রতিবেদক :
আসন্ন ঈদুল আজহায় যানজট ও জনদুর্ভোগ এড়াতে রাস্তা বা মহাসড়কের ওপর পশুর হাট না বসাতে সতর্ক করেছেন কক্সবাজার -৩ ( সদর, রামু, ঈদগাঁও ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব লুৎফুর রহমান কাজল। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, হাইওয়ে বা সড়কের আশপাশে কোনভাবেই কোরবানির অস্থায়ী পশুর হাট বসানো যাবে না। এর ব্যত্যয় ঘটলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
বুধবার ( ২০ মে ) সকাল ১০ টায় সদর উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন।
তিনি আরও বলেছেন, “যুব সমাজ ও জাতির ভবিষ্যতের জন্য বড় চ্যালেঞ্জ এখন মাদক। এ চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশকে আরও আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি অবিভাবকদেরও সন্তানের প্রতি খেয়াল রাখতে হবে। আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে ;এগুলো দেখভালের দায়িত্ব পরিবারের।”
এমপি কাজল বলেছেন, ইয়াবা নিয়ে সবসময় আলোচনায় থাকে কক্সবাজার ; এটা আমাদের জন্য লজ্জা ; এটা কেন হবে? প্রশাসন কি করছে? ইত্যাদি প্রশ্ন তুলেন এমপি কাজল। তিনি বলেন, “কক্সবাজার একটা পর্যটন শহর ; পুরো বিশ্ব কক্সবাজারকে চেনে। এই পর্যটন রাজধানীকে সম্পূর্ণ নিরাপদ, প্রযুক্তিনির্ভর ও বিশ্বমানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার ব্যাপারে সরকার ও প্রশাসন পর্যায়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এজন্য প্রশাসনকে আর-ও সজাগ হওয়ার আহবান জানান তিনি।”
স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে জানিয়ে এমপি কাজল বলেন, “প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য, বৈষম্যহীন ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে এবং বেশ কিছু কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে।
২৫০ শয্যা বিশিষ্ট কক্সবাজার সদর হাসপাতালে দ্রুত সময়ের মধ্যে ডায়ালাইসিস ইউনিট চালু করা হবে। এই বিষয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলে মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা পাঠানোর কথা জানান তিনি।”
প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে মাসিক সভায় সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) শেখ মোহাম্মদ আলীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ####