শিক্ষার্থীদের যুক্তিবোধ, সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের দক্ষতা বিকাশের লক্ষ্যে কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় অনুষ্ঠিত হয়েছে আন্তঃবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। গতকাল কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় যৌথভাবে সম্পৃক্ত ছিল কমিউনিটি রেডিও সৈকত ৯৯.০ এফএম ও জালাল আহমদ চৌধুরী ফাউন্ডেশন। স্থানীয় পর্যায়ে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও যুক্তিনির্ভর চিন্তার চর্চা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়।
প্রতিযোগিতায় কুতুবদিয়ার চারটি শিক্ষাপ্রতিষ্ঠান—কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মোট ৬০ জন শিক্ষার্থী অংশ নেয়।
অনুষ্ঠানের প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) মো. ফারুক, উপজেলা প্রকৌশলী ফরহাদ মিয়া, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা অর্পণ মল্লিক, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিন, কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জিগারুন নাহারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।
এ ছাড়া কমিউনিটি রেডিও সৈকত ৯৯.০ এফএম-এর জেরিন ও মোহনা এবং জালাল আহমদ চৌধুরী ফাউন্ডেশনের উপপরিচালক বারেকুল ইসলাম চৌধুরী, তওহিদুল ইসলাম, নজরুল ইসলাম, সাদিয়া নিপা ও আবুল বাশার উপস্থিত ছিলেন।
কোস্ট ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক ও কক্সবাজারের আঞ্চলিক টিম লিডার জাহাঙ্গীর আলম। এ ছাড়া জুলফিকার, মামুন, মনসুর আলম, শাহাদাতসহ প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজনটি সফল করতে ভূমিকা রাখেন। পুরো প্রতিযোগিতা পরিচালনা করেন তাহরিমা আফরোজ টুম্পা।
বিতর্কের বিভিন্ন পর্বে শিক্ষার্থীরা তথ্য, যুক্তি, বিশ্লেষণ ও সাবলীল উপস্থাপনার মাধ্যমে নিজেদের মেধার পরিচয় দেন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষে কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
পরে প্রধান অতিথি মিজানুর রহমান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিটি বিদ্যালয়কে ১০ হাজার টাকা করে, রানার্সআপ দলকে ১৭ হাজার টাকা এবং চ্যাম্পিয়ন দলকে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে যুক্তিনির্ভর চিন্তা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে বিতর্কচর্চার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কুতুবদিয়ার পর পর্যায়ক্রমে কক্সবাজারের অন্যান্য উপজেলাতেও এ ধরনের আয়োজন করা হবে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।