বিডি প্রতিবেদক :
কক্সবাজার সদরের খুরুশকুল মনুপাড়ায় ভোগ দখলীয় পৈত্রিক জমি জোরপূর্বক জমি দখল করতে গিয়ে বসতবাড়ি ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় খুরুশকুল মনুপাড়ার মৃত ছৈয়দ উল্লাহর ছেলে ছৈয়দুল হক বাদী হয়ে একই এলাকার ৯ জনকে বিবাদী করে কক্সবাজার সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
বিবাদীরা হলেন, মৃত জহুর আহমদের ছেলে নাসির উদ্দিন (৩৫), মৃত মুসলিম উদ্দিন বাবুলের ছেলে মহিউদ্দিন (২৫), লোকমান হাকিমের ছেলে আসহাব উদ্দিন ওরফে কুইজ্যা (২৬), মো. নাজিরের ছেলে মো. খালেক (২৭), মো. ফরিদের ছেলে মো. আলমগীর (২৫), আব্দু ছবি ওরফে বাইলার ছেলে মো. শাহেদ (২০), মো. জাহেদ (২৬), আমির সুলতানের ছেলে মহির উদ্দিন (২৭), মৃত মোজাম্মেল হকের ছেলে বোরহান (২৫) সহ অজ্ঞাতনামা আরো ২/৩ জন।
অভিযোগ সূত্রে জানা যায়, বাদী ছৈয়দুল হক একজন প্রতিবন্ধী। তিনি দীর্ঘদিন ধরে তার ভোগ দখলীয় পৈত্রিক সম্পত্তিতে বসবাস করে আসছেন। বিগত ১৯৮০ইং সনে তার পিতা রেজিস্ট্রেশন যুক্ত দলিল নং- ১৭৬৯ মূলে ওই জায়গা খরিদ করেন এবং বিগত প্রায় ৪২ বছর যাবত তারা বাড়ি-ভিটা ভোগ দখলরত আছেন। বর্তমানে ছৈয়দুল হক বয়োবৃদ্ধ ও অসহায় হওয়ায় বিবাদীরা তার জায়গার উপর কুদৃষ্টি দিয়ে জোরপূর্বক সন্ত্রাসী কায়দায় ওই বসতভিটার জবর দখলের অপচেষ্টা চালিয়ে ছৈয়দুল হককে ওই জায়গা হতে উচ্ছেদ করার বেআইনী হুমকি-ভীতি দেখিয়ে আসছে।
ছৈয়দুল হক অভিযোগে বলেন, ‘আমার জমি ও বসতভিটা কেড়ে নেয়ার জন্য বিবাদীরা রোববার (২৫ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে
বিবাদী নাছির উদ্দিনের নেতৃত্বে তার সহযোগী অন্যান্য বিবাদীরা মারাত্মক অবৈধ অস্ত্রশস্ত্র নিয়ে আমার পৈত্রিক মালিকানাধীন ও ভোগদখলীয় তপশীলভুক্ত বসতভিটার জমিতে অনধিকার ঢুকে বসতবাড়ি ভাংচুর করে। আমি ও আমার স্ত্রীকে মারাত্মক জখম করে এবং হত্যার উদ্দেশ্যে মারধর করে।
তিনি আরও বলেন, ‘তারা আমার বাড়িতে ঢুকে ঘরের আলমিরা ভাংচুর করে ৬৫ হাজার টাকা দামের ১ ভরি স্বর্ণ অলংকার, নগদ ১৮ হাজার টাকা এবং আমার দত্তকপুত্র মো. জকরিয়া (২৫) এর ব্যবহারের ১৪ হাজার টাকা দামের রেডমি ব্রান্ডের একটি এনড্রয়েট মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। এসময় জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন করলে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ঘটনার বিষয়ে মামলা মোকদ্দমা করলে আমাদের প্রাণে মেরে ফেলার হুমকিও দিচ্ছে প্রতিনিয়ত। এব্যাপারে প্রশাসনের কাছে আমরা আমাদের নিরাপত্তা চাই এবং সন্ত্রাসী দখলবাজদের আইনের আওতায় আনার অনুরোধ করছি।
###