মুকুল কান্তি দাশ,চকরিয়া :
আধুনিক স্টাইলে খদ্দেরের চুল কাটা ও নিজের চুল বড় রাখার অজুহাতে তপন শীল (২৮) নামের এক নাপিতের চুল কেটে দিয়েছেন কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম।
শনিবার (১৮ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের হাজী বাজারে নিউ স্টার সেলুনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী তপন শীল কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সুকুমার শীলের ছেলে।
হাজী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শাহাদাত হোসাইন বলেন, শনিবার রাতে আরাফাত নামের স্থানীয় এক যুবক তপনের সেলুনে বসে চুল কাটাচ্ছিলেন। এমন সময় টৈটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম সেখানে গিয়ে চুলের ডিজাইন নিয়ে আপত্তি জানান এবং সেলুনের দেয়ালে লাগানো কাটিং ক্যাটালগ তুলে নেওয়ার নির্দেশ দেন। তপন শীল এতে গড়িমসি করায় চেয়ারম্যান জাহেদ তাঁকে দুয়েকটা চড় থাপ্পড় দিয়ে নিজেই ক্যাটালগ গুলো ছিড়ে দেন। এসময় চেয়ারম্যান জাহেদ তপনের চুল লম্বা দেখে ক্ষিপ্ত হয়ে তা কাঁচি দিয়ে কেটে দেন।
ভুক্তভোগী তপন শীল বলেন, খদ্দেররা যেভাবে বলেন আমি সেভাবেই চুল কাটি। নয়তো আমার কাছে চুল কাটাতে মানুষ আসবে কেন ? আধুনিক ডিজাইনে চুল কেটেছি বলে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে আমার ওপর চড়াও হয়েছেন। কে কি রকম চুল কাটবে তাতো আমি বা অন্যকেউ ঠিক করে দিতে পারি না। আমার মাথার চুল লম্বা ছিলো বলে তাও তিনি কেটে দিয়েছেন।
পেকুয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুমন বিশ^াস বলেন, চুল লম্বা রেখেছেন বলে একজন চেয়ারম্যান কারোর চুল কেটে দিতে পারেন না। চেয়ারম্যান যদি উনার ইউনিয়নের ক্যাটালগ অনুযায়ি চুল কাটতে নিষেধ করেন। তাহলে উনার ইউনিয়নের সেলুন মালিকদের সাথে বসে সিদ্ধান্ত নেয়া উচিত ছিলো।
তিনি আরও বলেন, চেয়ারম্যান যে কাজটি করেছেন তা খুবই অন্যায়। আমরা পুজা উদযাপন পরিষদের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি।
এব্যাপারে জানতে টৈটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলামের বলেন, একজন চেয়ারম্যান হিসেবে সমাজের আইন-শৃঙ্খলা রক্ষা করা আমার দায়িত্ব। আমি তপনকে খদ্দেরদের সুন্দরভাবে চুল কাটার পরামর্শ দিয়েছি। এটা যদি বলা অন্যায় হয়ে থাকে অন্যায়।